“বাবা (তারেক রহমান) রাজনৈতিক স্বার্থে গণভোটে হ্যাঁ এর কথা বলেছেন কিন্তু দেশের স্বার্থে আপনারা গণভোটে না বলুন” বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এমন আহবান জানিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।
এধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
জায়মা রহমানের বক্তব্য দাবি করা ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, সংবাদমাধ্যমের ফটোকার্ড ধরন নকল করে ছবিটি তৈরি করা হয়েছে। এতে উপরের দিকে বামপাশে বড়ো করে লেখা হয়েছে, দাবিটি। নীচের বামপাশে তারিখ হিসেবে লেখা ৩১ জানুয়ারি ২০২৬ এবং ডানপাশে জাইমা রহমানের ছবি। জাতীয় নাগরিক পার্টির নামে পরিচালিত একটি গ্রুপে পোস্ট করা ছবিটিতে নেটিজেনদের ব্যপক প্রতিক্রিয়া দেখা গেছে। সেখানে পোস্টটিতে সাড়ে ৭ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি মন্তব্য করেছেন শতাধিক নেটিজেন।
তাদের মধ্যে অনেকেই দাবিটি বিশ্বাস করতেও দেখা গেছে। যেমন: মো. মিটুন নামে একজন মন্তব্য করেছেন, “দেশের স্বার্থে নয় মামুনি, বল যে আমার স্বার্থে “না” বলুন। কারণ “না” জয়যুক্ত হলে তোমার পরিবারতন্ত্র টিকে থাকবে। তুমি পরবর্তীতে প্রধানমন্ত্রী হবা”। মিজানুর রহমান নামে একজন লিখেছেন, ‘‘তাহলে দেশ ও দেশের জনগণের স্বার্থের চেয়ে রাজনৈতিক স্বার্থ বড়???? আমরা তো জনাব তারেক রহমান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য।” (মন্তব্য অপরিবর্তিত)। ৎ
তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে জাইমা রহমানের এধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশের সংবাদমাধ্যম গুলোতেও তার নামে এধরনের কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
সুতরাং,“বাবা (তারেক রহমান) রাজনৈতিক স্বার্থে গণভোটে হ্যাঁ এর কথা বলেছেন কিন্তু দেশের স্বার্থে আপনারা গণভোটে না বলুন” বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। এধরনের কোনো বক্তব্য তিনি দেননি।