সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কওমী মাদ্রাসা নিয়ে দেওয়া বক্তব্যবের একটি অংশ কেটে প্রচার করা হচ্ছে, “জামাত ক্ষমতায় আসলে কওমি আলেমদের খবর আছে মসজিদ মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে।”
প্রচারিত ভিডিওতে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বলতে শোনা যায়, “জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেয়া হবে। এরা মিথ্যাবাদী”
দেখুন এখানে
যাচাইয়ে দেখা যায়, লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কওমী মাদ্রাসা প্রসঙ্গে তার বক্তব্যকে কেটে প্রচার করা হচ্ছে।
Bangladesh Jamaat-e-Islami এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে “লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা | DR. SHAFIQUR RAHMAN | JAMAAT | DARIPALLA” শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে ভিডিওর ১ ঘন্টা ৭ মিনিট ৪ সেকেন্ডে জামায়াত আমিরকে বলতে শোনা যায়, “ভয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেয়া হবে। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী। বলা হয় কওমি মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি— কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন।”
তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে বক্তব্যের শুরুতে থাকা “ভয় দেখানো হয়” অংশটি বাদ দেওয়া হয়েছে। এই অংশটি বাদ পড়ার ফলে বক্তব্যটি এমনভাবে উপস্থাপিত হয়েছে, যা মূল বক্তব্যের অর্থকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়।
সুতরাং, জামায়াত ক্ষমতায় এলে কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করেছেন তাদের মসজিদ থেকে বের করে দেওয়া হবে, এমন দাবিতে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যটি খণ্ডিতভাবে উপস্থাপন করে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।