বিএনপি নেতা হাবিব-উন-নবীর বক্তব্য কাটছাঁট করে প্রচার

“…ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো  এসে বায়তুল মোকাররমে পুজো দিতে পারবে…” এমন বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিএনপির ধর্ম অনুসারে দলটি ক্ষমতায় গেলে এমন পরিস্থিতি হবে দাবি করে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

এধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে এতে তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ১০ সেকেন্ডের ভিডিও ক্লিপটি বাঁশেরকেল্লা নামে একটি ফেসবুক পেইজ থেকে সর্বপ্রথম পোস্ট করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ২ হাজার বারের বেশি শেয়ার করা হয়েছে। হাজারের কাছাকাছি মন্তব্যের পাশাপাশি ৪ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। 

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, এই ক্লিপটি শুক্রবার (১৬ জানুয়ারি) শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মিডিয়াকে দেয়া বক্তব্য থেকে নেয়া। 

সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে  

এতে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের যারা হত্যা করেছেন এবং করিয়েছেন, যারা মা-বোনদের ইজ্জত লুন্ঠন করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্দাবরণে তারা আবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। 

ফ্যামিলি কার্ডের বিভিন্ন তথ্য নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিরোধীদের সমালোচনা করে সোহেল বলেন, ‘ফ্যামিলি কার্ড করা হয়েছে নারীদের ক্ষমতায়নের জন্য। তাদের টার্গেট একটাই, কোনোভাবে ক্ষমতায় গিয়ে তাদের বিষাক্ত দাঁত দেখানো। একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত লুকিয়ে রেখে একেক সময় একেক কথা বলছে। তাদের টার্গেট একটাই কোনোমতে ক্ষমতায় গিয়ে নিজস্ব চেহারা জনগণের সামনে তুলে ধরবে। সেই ভয়ংকর চেহারা জাতি আর দেখতে চায় না। ক্ষমতায় আসার জন্য এরা নানারকম উদ্ভট ফতোয়া দিবে।”

এরপরই তিনি বলেন, “এরা সুযোগ পেলে এমনও কথা বলবে, মুসল্লিরা প্রয়োজনে ঢাকেশ্বরী মন্দিরে নামাজ পড়তে পারবে, ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো  এসে বায়তুল মোকাররমে পুজো দিতে পারবে। এরা ক্ষমতায় আসার জন্য নানা রকম উদ্ভট উদ্ভট ফতোয়া দিবে। এদেশের জনগন, ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে ব্যালটের মাধ্যমেই প্রতিহত করবে।”

সুতরাং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বক্তব্য দাবি করে প্রচারিত “ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো  এসে বায়তুল মোকাররমে পুজো দিতে পারবে…।” এই বক্তব্যটি সম্পূর্ণ ভিডিও থেকে সম্পাদনা করে খণ্ডাংশ প্রচার করা হয়েছে। পুরো বক্তব্য ভিন্ন অর্থ প্রকাশ করে।  

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট