সম্প্রতি, “বিএনপির চেয়ারম্যান বিবিসির সাক্ষাতকারে বলেছেন, ‘আমি নিজ থেকে ভারত কিংবা র এর কাছে মুচলেকা দেই নাই, আমাকে আমার দলের হাইকমান্ডরা বাধ্য করছে ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরতে।” দাবিতে সামাজিক যোগাযোগমাধ্য়মে দৈনিক সমকালের ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
যাচাইয়ে দেখা গেছে, তারেক রহমান এমন কোনো বক্তব্য দেননি। সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটিতে দৈনিক সমকালের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে লেখা রয়েছে ১৯ জানুয়ারি ২০২৬। সমকালের অফিশিয়াল ফেসবুক পেজে উল্লিখিত তারিখে এধরনের বক্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে ঠিক একই ছবি ও ডিজাইন সম্বলিত আরেকটি ফটোকার্ড পাওয়া যায় যেখানে তারেক রহমান প্রকৃতপক্ষে বলেছেন, “সরকার গঠন করতে পারলে ১ লাখ স্বাস্থকর্মী নিয়োগ করা হবে।”
তাছাড়া ফটোকার্ডটিতে তারেক রহমানের বক্তব্য হিসেবে যে লেখা রয়েছে সে লেখার ফন্টের সাথে সমকালের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায় যা নির্দেশ করে যে, ফটোকার্ডটি সম্পাদিত।
মূলত তারেক রহমানের “সরকার গঠন করতে পারলে ১ লাখ স্বাস্থকর্মী নিয়োগ করা হবে।” — এই বক্তব্য সম্বলিত ফটোকার্ডটিকে সম্পাদনা করে “আমি নিজ থেকে ভারত কিংবা র এর কাছে মুচলেকা দেই নাই, আমাকে আমার দলের হাইকমান্ডরা বাধ্য করছে ভারতের কাছে মুচলেকা দিয়ে দেশে ফিরতে।” — এই লেখাটি বসানো হয়েছে।
সুতরাং, তারেক রহমানের নামে ছড়ানো বক্তব্যটি অসত্য এবং ফটোকার্ডটি ভুয়া।