“তারেক রহমান রাজাকারের পক্ষ নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে” ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। আসন্ন গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার প্রেক্ষাপটে দাবিটি ছড়ানো হচ্ছে।
এধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, আশার আলো নামে একটি পেইজ থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিটির উপরের দিকে ছাত্রদল নেতা আবিদের ছবির নীচেই দাবি করা বক্তব্যটি বসানো হয়েছে। এতে নীচের অংশে যমুনা টেলিভিশনের সংবাদ ফটোকার্ড ধরন নকল করে জনতা টিভি নামে একই ধরনের আরেকটি লোগো ব্যবহার করা হয়েছে। পাশেই জনতা টিভির নামে ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলের নাম বসানো হয়েছে। সার্চ করে এধরনের কোনো ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজ পাওয়া যায়নি।
তবে আলোচিত দাবিটি বিশ্বাস করে বিভিন্ন পোস্টে প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক নেটিজেন। যেমন: আসাদুল ইসলাম নামে একজন লিখেছেন, “হায়রে আমার ইন্ডিয়ান বন্ধু রে।” আবিদা সুলতানা নামে অন্য একজন লিখেছেন, “তারেক রহমান যদি হ্যাঁ এর পক্ষে থাকে সারা বাংলাদেশ তার পক্ষে হয়ে যাবে আপনার মত আবিদুল এর দরকার হবে না।”
অন্যদিকে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে আবিদুল ইসলামের নামে এধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সার্চ করে আবিদের এধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সুতরাং, “তারেক রহমান রাজাকারের পক্ষ নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে” শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম খানের বক্তব্য দাবি করে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া। এধরনের কোনো বক্তব্য আবিদুল ইসলাম দেননি।