বিএনপি নেতার নারী নিপীড়ন দাবিতে ভারতে নারীকে মারধরের ভিডিও প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীকে পেটানোর একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, “বিয়ে তে রাজি না হওয়ায়, বিএনপি নেতা এক নারীকে চুরির অপবাদ দিয়ে, উরাধুরা লাঠি দিয়ে পিটাচ্ছে।”

এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে এটি ভারতের পশ্চিমবঙ্গের তাজিমুল নামে তৃণমূল কংগ্রেস নেতা কর্তৃক একজন নারীকে মারধরের ভিডিও।

ভিডিওটির কী-ফ্রেম বিশ্লেষণ করে রিভার্স ইমেজ সার্চ করলে Mirror Now নামক ভারতীয় একটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে ৩০জুন ২০২৪ সালে প্রকাশিত উক্ত ঘটনাটির একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। “Couple In Relationship Publically Beaten In West Bengal By TMC Leader, Video Goes Viral” শিরোনামের প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, “অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক যুগলকে প্রকাশ্যে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন তৃণমূল কংগ্রেসের এক নেতা।”

ভিডিও প্রতিবেদনটির সূত্র ধরে সার্চ করলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা যায়। 

ভারতীয় সংবাদমাধ্যম The Wire-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছিলো ২০২৪ সালের ২৮ জুন। 

প্রতিবেদনটিতে বলা হয়, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক নেতাকে একজন নারীকে প্রকাশ্যে মারধর করতে দেখা যায়। বড় একটি জনসমাগমের উপস্থিতিতে জেলার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ঘেমটাগাছ গ্রামে সড়কের ওপর এ ঘটনা ঘটে।” 

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, “সুলতানা নামের ভুক্তভোগী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি স্বামী ও দুই সন্তানকে রেখে সাত দিন আগে রাজীব নামের এক ব্যক্তির সঙ্গে শিলিগুড়ির কাছে মাতিগাড়া এলাকায় চলে গিয়েছিলেন। ২৮ জুন রাজীব ও সুলতানা গ্রামে ফিরে এলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় এলাকায় ক্ষমতাসীনদলের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত তাজিমুল ওরফে ‘জেসিবি’ একটি সালিশ বৈঠক ডাকেন। কথিত এই ‘ক্যাঙ্গারু কোর্টে’ তিনি সুলতানার দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগ তুলে জরিমানা ধার্য করেন। সেখানে সুলতানাকে তার সাবেক স্বামীকে ৩ লাখ রুপি এবং তাজিমুলকে ২ লাখ রুপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সুলতানা জানান, এই অর্থ পরিশোধের সামর্থ্য তার নেই। এতে ক্ষুব্ধ হয়ে তাজিমুল দাবি করেন, সুলতানা তাকে অপমান করেছেন এবং তিনি এর জবাব সহিংসতার মাধ্যমে দেবেন। বেলা সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে তিনি ওই নারীকে মারধর করেন। উপস্থিত কয়েকজনের দাবি, রাজীবকেও মারধর করা হয়।”

সুতরাং ভিডিওটি বিয়েতে রাজি না হওয়ায় বিএনপি নেতা কর্তৃক নারীকে পেটানোর দাবিটি সত্য নয় বরং এটি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কর্তৃক একজন নারীকে মারধরের ভিডিও।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট