মাহদী আমিনকে নিয়ে এখন টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

এখন টিভির ফটোকার্ডের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্য়মে ছড়ানো হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, “বিএনপির কিছু উশৃংখল নেতাকর্মীদের হাতে সারাদেশ জুড়ে নারী তথা মা বোনদের গায়ে হাত তোলা এটা নিন্দনীয় কাজ ও গর্হিত কাজ হয়েছে। জনাব তারেক রহমান নিন্দা জানিয়েছেন।”

ফটোকার্ডটি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, মাহদী আমিন এমন কোনো মন্তব্য করেননি। সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ করে কোনো সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডটি এখন টিভির ফটোকার্ডের আদলে তৈরি এবং তারিখ হিসেবে লেখা রয়েছে ১ ফেব্রুয়ারি ২০২৬। এখন টিভির অফিশিয়াল ফেসবুক পেজে উল্লিখিত তারিখে এধরনের বক্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে ঠিক একই ছবি ও ডিজাইন সম্বলিত আরেকটি ফটোকার্ড পাওয়া যায় যেখানে মাহদী আমিন প্রকৃতপক্ষে বলেছেন, “জামায়াতের জন্য নারী বিদ্বেষী আচরণ নতুন কিছু নয় এর আগেও নানা ধরনের নারী বিদ্বেষী নানা কর্মকাণ্ড লক্ষণীয় ছিলো।” 

ফটোকার্ডটি দেখুন এখানে 

ফটোকার্ডটিতে নামের বানান ‘মাহদী আমিন’-এর পরিবর্তে লেখা হয়েছে ‘মাহাদি আমিন’ এবং পরিচয় ‘বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র’-এর পরিবর্তে লেখা হয়েছে ‘বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র’ যা ভুল। এছাড়াও ফটোকার্ডটিতে মাহদী আমিনের বক্তব্য হিসেবে যে লেখা রয়েছে সে লেখার ফন্টের সাথে এখন টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল লক্ষ্য করা যায় যা নির্দেশ করে যে, ফটোকার্ডটি সম্পাদিত। অর্থাৎ, “জামায়াতের জন্য নারী বিদ্বেষী আচরণ নতুন কিছু নয় এর আগেও নানা ধরনের নারী বিদ্বেষী নানা কর্মকাণ্ড লক্ষণীয় ছিলো।”— এই বক্তব্য সম্বলিত ফটোকার্ডটিকে সম্পাদনা করে “বিএনপির কিছু উশৃংখল নেতাকর্মীদের হাতে সারাদেশ জুড়ে নারী তথা মা বোনদের গায়ে হাত তোলা এটা নিন্দনীয় কাজ ও গর্হিত কাজ হয়েছে। জনাব তারেক রহমান নিন্দা জানিয়েছেন।”— এই লেখাটি বসানো হয়েছে।

সুতরাং, মাহদী আমিনের নামে ছড়ানো বক্তব্যটি অসত্য এবং ফটোকার্ডটি ভুয়া।

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট