“বিএনপি দুর্নীতি করলেও দেশের উন্নয়ন করার পরে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ উন্নয়ন ছাড়াই শুধু দুর্নীতি করে গেছে” বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।
এধরনের পোস্ট দেখুন এখানে, এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, একধিক ফেসবুক পেইজ থেকে মূল দাবি অপরিবর্তিত রেখে বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে ফটোকার্ডটি। এরমধ্যে ‘ডেইলি মোল্লার দেশ’ নামে একটি পেইজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হলে মূল পোস্টেই ১ লক্ষ ৭০ হাজারের বেশি প্রতিক্রিয়া আসতে দেখা যায়। ফটোকার্ডটি উল্লেখিত পেইজ থেকে ৩ হাজার বারের বেশি শেয়ার করার পাশাপাশি মন্তব্য করেন ১২ হাজারের কাছাকাছি নেটিজেন। তাদের মধ্যে অনেককে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতেওে দেখা গেছে। যেমন: টুটুল মাহতা নামে একজন লিখেছেন, “আপনি সামনে আরো ভালো কিছু করার কথা না বলে কেন শুধু পেছনের ইতিহাস টানেন?শেখ হাসিনা যা করেছে আপনাকে ১০০ বছর সময় দিলেও আপনি ব্যর্থ হবেন।তাই ভালো কিছু করুন মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন।” মেহেদী হাসান মুনতাসির নামের একজন লিখেছেন, “অবশেষে স্বীকার তো করল।”
তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদামাধ্যমে দাবিটির সঙ্গে পুরোপুরি মিলে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে গত ৩০ জানুয়ারি বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় এসম্পর্কিত একটি বক্তব্য দিয়েছেন তারেক রহমান।
সংবাদটি দেখুন এখানে
এতে তিনি বলেন,“‘দেশে গত ১৫ বছর কোনও উন্নয়ন হয়নি; সারা দেশ উন্নয়ন বঞ্চিত ছিল। শুধু তথাকথিত মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। এ দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। দুর্নীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আর দেশকে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সুতরাং, “বিএনপি দুর্নীতি করলেও দেশের উন্নয়ন করার পরে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ উন্নয়ন ছাড়াই শুধু দুর্নীতি করে গেছে” বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। তারেক রহমান এধরনের কোনো বক্তব্য দেননি।
