“দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা মামলা বাতিল করে-বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা” এমন শিরোনামে একটি বাংলাদেশী সংবাদমাধ্যমের নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে ।
সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
যাচাইয়ের শুরুতে আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, বাংলাভিশনের সংবাদ ফটোকার্ড ধরন হুবহু নকল করে তৈরি করা একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। ফটোকার্ডটির উপরে বামপাশে বাংলাভিশনের লোগো এবং ডানপাশে সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিকানা দিয়ে মাঝে তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। ছবিটির নীচেই আলোচিত দাবিটি, ““দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা মামলা বাতিল করে-বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা” বসানো হয়েছে। ফটোকার্ডের নীচের বাম পাশে তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ৩ জানুয়ারি, ২০২৬ এবং পাশে বাংলাভিশনের ওয়েবসাইটের হুবহু ঠিকানা দিয়ে লেখা বিস্তারিত কমেন্টে। তবে সংশ্লিষ্ট পোস্ট গুলোর মন্তব্যের ঘরে এসম্পর্কে বিস্তারিত পাওয়া যায়নি।
সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সরাসরি দাবিটির সাথে মিলে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও ফটোকার্ডে উল্লেখিত তারিখে বাংলাভিশনের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দাবিটির সাথে মিলে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। তবে তারেক রহমানের ছবি ব্যবহার করে একই তারিখে (৩ জানুয়ারি) পোস্ট করা বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ড তাদের ফেসবুক পেইজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, “বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা”। বাংলাভিশনের এই ফটোকার্ডের শিরোনামের আগের অংশে “দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা মামলা বাতিল করে” বাক্যটি যুক্ত করে বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে।
সুতরাং, “দেশের হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা মামলা বাতিল করে-বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা” শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। বাংলাভিশনের অফিশিয়াল মাধ্যমে এধরনের কোনো ফটোকার্ড কিংবা সংবাদ পাওয়া যায়নি।
