মির্জা ফখরুলের পোস্ট করা ফটোকার্ড সম্পাদনা করে তার নামে অপপ্রচার

“এবার মানুষজন স্লোগান দিচ্ছে আওয়ামীলীগ বিএনপি বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটা একটা বিরাট পাওয়া।” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। 

এসম্পর্কিত দুটি পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

প্রচারিত ফটোকার্ডটিতে মির্জা ফখরুল ইসলামের জনসভায় বক্তব্য দিচ্ছেন এমন একটি ছবির উপরের অংশে দাবিটি লেখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। সেখানে প্রচারিত দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনদের অনেকেই। যেমন: তৈমুর ইউ খান নামে একজন মন্তব্য করেছেন, “জেন- জি বলেছিল আওয়ামী আর বিএনপি দুই সাপের একই বিষ।৷আমাদের ভাইয়েরা এবার দুই সাপকে ভোটের মাঠে পরাজিত করবে ইনশাআল্লাহ।”

আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, গত ৪ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেইজে একই ধরনের ভিন্ন একটি ফটোকার্ড পোস্ট করেছিলেন মির্জা ফকরুল নিজেই। এতে একই ফটোকার্ডে লিখা ছিল, “এবার মানুষজন স্লোগান দিচ্ছে হিন্দু-মুসলমান বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটি একটা বিরাট পাওয়া: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।” 

অন্যদিকে, ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে বাকিসব উপাদান অভিন্ন রেখে ‘হিন্দু-মুসলমান’ শব্দ দুটির জায়গায় ‘আওয়ামীলীগ বিএনপি’ শব্দ দুটি প্রতিস্থাপন করে তৈরি করা হয়েছে। 

সুতরাং, “এবার মানুষজন স্লোগান দিচ্ছে আওয়ামীলীগ বিএনপি  বেধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। এটা একটা বিরাট পাওয়া।” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন দাবি করে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। মির্জা ফখরুলের পেইজে পোস্ট করা ফটোকার্ডে আংশিক পরিবর্তন করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট