জয়পুরহাটে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ২০২১ সালের ঘটনা সাম্প্রতিক দাবিতে প্রচার

ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে—জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শেয়ারকৃত এসব পোস্টে দাবি করা হয়, গত ২৫ সেপ্টেম্বর এই ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

সাম্প্রতিক দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে এখানে এখানে। 

তবে ফ্যাক্ট অর ফলসের যাচাইয়ে দেখা গেছে, জয়পুরহাটে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২১ সালের ঘটনা সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে।

অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর “জয়পুরহাটে দুটি মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর, একজন আটক ” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার গ্রামের দুটি মন্দিরে গভীর রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শামসুল আলম মণ্ডল ওরফে লাল বাবু নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি এর আগেও প্রতিমা ভাঙচুরে জড়িত ছিল।

উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত ‘জয়পুরহাটে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১’ শিরোনামের আরেকটি প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। দুইটি প্রতিবেদনেই মন্দির, এলাকা, অভিযুক্ত ব্যক্তি এবং ঘটনার সময়কাল এক ও অভিন্ন।

অর্থাৎ, জয়পুরহাটে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি সত্য হলেও, এটি সাম্প্রতিক নয়—বরং ২০২১ সালের ঘটনা, যা বিভ্রান্তিকরভাবে ২০২৫ সালে নতুন ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। 

 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট