“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতির পিতা।” তারেক রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে , এখানে ।
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের নিউজ ফটোকার্ডের আদলে বানানো একটি কার্ড বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে। ছবিটির উপরের দিকে বাম পাশে বাংলাভিশনের লোগো নকল করে চান্দাভিশন নামে একটা ভুয়া লোগো বসানো হয়েছে। মাঝামাঝি জায়গায় তারেক রহমানের ছবি দিয়ে তাতে ক্যাপশন লেখা হয়েছে, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতির পিতা : তারেক রহমান”। কার্ডটির নিচের অংশে তারিখ হিসেবে লেখা হয়েছে, ১৬ জানুয়ারি ২০২৬, মাঝে বাংলাভিশনের ওয়েবসাইট ঠিকানা এবং ডানপাশে কোনায় লেখা বিস্তারিত কমেন্টে।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি বিশ্বাস করে বিভিন্ন পোস্টে প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনদের অনেকে। ফরহাদ ইমরান নামের একজন লিখেছেন, “১৭ বছর এই কাহিনি শুনলাম নতুন করে আবার শুরু হলো”। এসকে সোনিয়া খানম নামে একজন লিখেছেন, “একজনের পর একজন খালি জাতির পিতা তৈরি হয়।” কোহিনুর সুলতানা নামের একজন লিখেছেন, ‘‘এই অশিক্ষিত মূর্খের জাত এগুলো নিয়েই পরে থাকবে, এরা দেশের জন্য চিন্তা করেনা আছে শুধু বাপ দাদারে কার উপর থেকে কার উপরে তুলবে।”
সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সরাসরি দাবির পক্ষে যায় এমন বক্তব্য বাংলাভিশন বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
তবে, ২০১৯ সালে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সমাবেশের একটি ভিডিও পাওয়া যায়। সেখানে বক্তব্যের একপর্যায়ে দলটির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা” ঘোষণা দেন।
সম্পর্কিত সংবাদটি দেখুন এখানে
পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে (২ সেপ্টেম্বর,২০১৯) আয়োজিত সমাবেশে তারেক রহমান বলেন, “তাহলে নেত্রীবৃন্দ, আজ এই সভায় যারা উপস্থিত আছেন, আজ এই সভায় ক্যামেরার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি? আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা?”
এতে তিনি আরও বলেন, “আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাতি না, বাঙালিসহ ৫৫ হাজার ১২৬ বর্গমাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে- যারা বাংলাদেশি জাতির পরিচয় বহন করে, যারা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেয়, সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। আমরা কি আজ সবাই মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারি? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা।”
সুতরাং “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতির পিতা।” তারেক রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ফটোকার্ডটি বিভ্রান্তিকর। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতির পিতা ঘোষণা করে কোনো বক্তব্য দেননি। তিনি তাকে “বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা” ঘোষণা করেছিলেন।
