সম্প্রতি, “ড. শফিকুল ইসলাম মাসউদ জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জন” শিরোনামে একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
Islami Andolan BD Mymensingh নামের প্রোফাইল থেকে ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, “চরমোনাইতে আসতে পারেন জামায়াতের শফিকুল মাসুদ৷ ইতিমধ্যে অনেক নেতাই শরীয়া প্রশ্নে আপোষ না করে চলে এসেছেন যদিও সামনে নির্বাচন রেখে তা এখন প্রচার করা হচ্ছে না!”
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৮ শত ৩৩ টি শেয়ার, ১০ হাজার ৪ শত মন্তব্য এবং ৭৯ হাজার প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
যাচাইয়ের শুরুতে ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায়, একাত্তর টিভির লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১৮ জানুয়ারি ২০২৬ লেখা রয়েছে।
উক্ত সূত্র ধরে একাত্তর টিভির অফিসিয়াল ফেসবুক পেজের ফটোকার্ডগুলো পর্যবেক্ষন করে উক্ত দাবি সংবলিত কোন ফটোকার্ড এবং ওয়েবসাইটে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায় ড. শফিকুল ইসলাম মাসুদের নামের “মাসুদ” অংশটি আলোচিত কার্ডে “মাসউদ” লেখা রয়েছে ; যা ভুল।
এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করেও উক্ত দাবির সপক্ষে গণমাধ্যমে কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া একাত্তর টিভির প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইন এবং ফন্টের ভিন্নতা রয়েছে।
ড. শফিকুল ইসলাম মাসুদ জামায়াত ছাড়ার বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর ফেসবুক প্রোফাইলেও কোন পোস্ট খুঁজে পাওয়া যায়নি এবং ড. শফিকুল ইসলাম মাসুদের প্রোফাইলেও কিছু পাওয়া যায়নি।
সুতরাং, “ড. শফিকুল ইসলাম মাসউদ জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জন” শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং বিভ্রান্তিকর।
