বিএনপি ক্ষমতায় গেলে কর্ণেল অলির বীর বিক্রম উপাধি বাতিলের ঘোষণা দেননি ফজলুর রহমান

“বিএনপি ক্ষমতায় গেলে কর্ণেল অলির বীর বিক্রম উপাধি বাতিল করা হবে, সে কোনো মুক্তিযোদ্ধাই না” বিএনপি নেতা ফজলুর রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। 

এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবির সত্যতা পাওয়া যায়নি। 

যাচাইয়ে দেখা যায়, বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের নিউজ ফটোকার্ডের আদলে বানানো একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। ছবিটির উপরের দিকে বাম পাশে বাংলাভিশনের লোগো নকল করে চান্দাভিশন নামে একটা ভুয়া লোগো বসানো হয়েছে। মাঝামাঝি জায়গায় বিএনপি নেতা ফজলুর রহমানের ছবি দিয়ে তাতে ক্যাপশন লেখা হয়েছে, “বিএনপি ক্ষমতায় গেলে কর্ণেল অলির বীর বিক্রম উপাধি বাতিল করা হবে, সে কোনো মুক্তিযোদ্ধাই না।”

অন্যদিকে, আলোচিত ফটোকার্ডের দাবিটি বিশ্বাস করে মন্তব্য করতে দেখা গেছে অনেক নেটিজেনকে। জসিম উদ্দীন চৌধুরী নামে একজন মন্তব্য করেছেন, “আপনার এ বক্তব‍্য প্রমাণ করে আপনি মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে ভারততে বসে বসে খিচুরি খেয়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন ক্ষমতাসীনদের কাছ থেকে সুবিধা নিয়ে জাতির সাথে প্রতারণা করেছেন।” ফজল করিম নামে একজন লিখেছেন , “সেই মোনাফেক ছিল সব সময়”। কামরুজ্জামান নামে একজন মন্তব্য করেছেন, “এই ফজলুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছিল? সে নিজে ই একজন ভূয়া মুক্তিযোদ্ধা।”

সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সরাসরি দাবির পক্ষে যায় এমন বক্তব্য বাংলাভিশন বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। বাংলাভিশনের অফিশিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

সুতরাং, “বিএনপি ক্ষমতায় গেলে কর্ণেল অলির বীর বিক্রম উপাধি বাতিল করা হবে, সে কোনো মুক্তিযোদ্ধাই না” দাবিতে বিএনপি নেতা ফজলুর রহমান নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। এধরনের কোনো বক্তব্য ফজলুর রহমান দেননি।  

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট