জামায়াত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশে বিকাশে টাকা দিচ্ছে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়ানো হয়েছে।
এধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
যাচাইয়ের শুরুতে আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে ‘‘আশার আলো” নামে একটি ফেসবুক পেইজ থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে।
বাংলাদেশী সংবাদমাধ্যম যমুনা টিভির ফটোকার্ড ধরণ নকল করে ছবিটি তৈরি করা হয়েছে। এতে উপরের দিকে মির্জা ফকরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এমন একটি ছবি দিয়ে নীচে ক্যাপশন দেয়া হয়েছে,“জামায়াত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশে বিকাশে টাকা দিচ্ছে: মির্জা ফকরুল”। আর নীচের দিকে যমুনা টিভির লোগো নকল করে বসানো হয়েছে, জনতা টিভি নামের ভিন্ন একটি লোগো। জনতা টিভি নামে বাংলাদেশে কোনো সংবাদমাধ্যম নেই।
অন্যদিকে বিভিন্ন গ্রুপে করা পোস্ট গুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দিতেও দেখা গেছে নেটিজেনদের। আলতাফ হোসাইন নামের একজন মন্তব্য করেছেন, “বাস্তবতাহীন কথা পরিহার করতে পারলে ভালো থাকবেন, ইনশা আল্লাহ।” আলম মাহবুব নামে অন্য একজন লিখেছেন, “আর ফ্যামেলী কার্ডের নাম করে বিএনপি ওল্টো চাঁদা তুলতেছে।” মো. মাসুদ করিম নামে একজন লিখেছেন, “মির্জা ফখরুল আপনি আয়নার সামনে দাঁড়াইয়া এই কথাগুলো বলেন, তখন আপনি দেখবেন আপনাকে কেমন লাগছে। এই বয়সে বানোয়াট কথা বলতে একটু দ্বিধাবোধ হয় না। আমি ভাবছিলাম আপনার এই শেষ বয়সে আপনি মনে মানুষ হবেন কিন্তু মনে হচ্ছে না।”
তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে, বাংলাদেশের সংবাদমাধ্যম গুলোতে দাবির পক্ষে সরাসরি এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি।
তবে ডিবিসি নিউজে “জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ ও এনআইডি নম্বর সংগ্রহ করছে” শিরোনামে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের একটি ভিডিও বক্তব্য পাওয়া যায়।
সম্পর্কিত সংবাদটি দেখুন এখানে
যেখানে মির্জা ফকরুলকে বলতে শোনা যায়, “জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কপি, মোবাইল নম্বর এবং বিকাশ নম্বন সংগ্রহ করছে, যা ব্যাক্তিগত গোপনীয়তা ভঙ্গ এবং ক্রিমিনাল অফেন্স। এবিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এবিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেছি।”
সুতরাং, জামায়াত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশে বিকাশে টাকা দিচ্ছে দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। তিনি জামায়াত কর্মীদের বিরুদ্ধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কপি, মোবাইল নম্বর এবং বিকাশ নম্বন সংগ্রহ করার অভিযোগ করেছেন। বিকাশে টাকা লেনদেনের অভিযোগ করেননি।
