জুলাই যোদ্ধারা মেজর জিয়া থেকেও গুরুত্বপূর্ণ–এমন কোনো বক্তব্য দেননি তারেক রহমান

“জুলাই যোদ্ধারা প্রত্যেক জন আমার কাছে মেজর জিয়া থেকেও গুরুত্বপূর্ণ কারণ জুলাই যোদ্ধারা আমার নতুন জন্মদাতা” বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। 

এধরনের পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

যাচাইয়ের শুরুতে আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, পলাতক আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্ট একাধিক ফেসবুক একাউন্ট ও গ্রুপে ছবিটি পোস্ট করা হয়েছে। বাংলাদেশী সংবাদমাধ্যম কালের কণ্ঠের সংবাদ ফটোকার্ড ধরন নকল করে তৈরি করা হয়েছে ছবিটি। ফটোকার্ডটির উপরে ডানপাশে তারিখ হিসেবে লিখা হয়েছে, ১৮ জানুয়ারি ,২০২৬। উদ্ধরণ চিহ্ন দিয়ে তারেক রহমানের ছবির উপর তার বক্তব্য হিসেবে লিখা, ““জুলাই যোদ্ধারা প্রত্যেক জন আমার কাছে মেজর জিয়া থেকেও গুরুত্বপূর্ণ কারণ জুলাই যোদ্ধারা আমার নতুন জন্মদাতা” তারেক রহমান, চেয়ারম্যান, বিএনপি। ফটোকার্ডটির নীচের দিকে বামপাশে সংবাদমাধ্যমটির অফিশিয়াল লোগো এবং ডানপাশে কালের কণ্ঠের ওয়েবসাইটের ঠিকানা দেয়া হয়েছে। 

অন্যদিকে, পোস্ট করার পর দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক নেটিজেন। মেহেদী হাসান নামে পতিত আওয়ামীলীগ সংশ্লিষ্ট একটি ফেসবুক একাউন্টে ফটোকার্ডটির পোস্টে ৫ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি ৫০ টির বেশি মন্তব্য এবং ১১ বার শেয়ার করা হয়েছে। মন্ডল নামে একজন নেটিজেন মন্তব্য করেছেন, “ক্ষমতার জন্য এত নিচে নামা উচিত হয়নি”। চঞ্চল মাহমুদ নামে একজন লিখেছেন, “ক্ষমতার জন্য এতোদিন মা কে বেচেছে, এবার বাবা কে।” মো. আলী আশরাফ নামে অন্য একজন মন্তব্য করেছেন, “এবার হৃদয়ে পাকিস্থান তথা জামায়াতকে লালন করা তারেকের প্রকৃত রুপ প্রকাশ্য এলো।” 

তবে কালের কণ্ঠের অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুকে এধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সরাসরি দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।  

সুতরাং, জুলাই যোদ্ধারা প্রত্যেক জন আমার কাছে মেজর জিয়া থেকেও গুরুত্বপূর্ণ কারণ জুলাই যোদ্ধারা আমার নতুন জন্মদাতা” দাবি করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। এধরনের কোনো বক্তব্য তারেক রহমান দেননি।  

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট