সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে যে, বিএনপি ক্ষমতায় গেলে মেট্রোরেল বন্ধ করে বাস চালু করবে। সর্বপ্রথম ‘Daily DUCSU’ নামের একটি ফেসবুক পেজ থেকে তারেক রহমানের ছবি সম্বলিত একটি ’কোটকার্ড’ প্রচার করা হয়। সেখানে দাবি করা হয় তিনি বলেছেন: “মেট্রোরেলের খরচ খুব বেশি, ক্ষমতায় আসলে জনগণের সুবিধার্থে মেট্রোরেল বন্ধ করে দিয়ে ডিজিটাল লোকাল বাস চালু করবো আমরা।”
পোস্টটিতে প্রায় ৪৭ হাজার প্রতিক্রিয়া এবং প্রায় সাড়ে ৩ হাজার মন্তব্য পড়েছে ।যেখানে ব্যবহারকারীদের অনেকেই এই তথ্যের ভিত্তিতে বিরূপ মন্তব্য করছেন। তবে যাচাই করে দেখা যায় তারেক রহমান এরকম কোনো মন্তব্য করেনি অর্থা দাবিটি মিথ্যা। একই দাবিতে প্রচারিত আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে
ফ্যাক্ট র ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
যাচাইয়ের শুরুতে ইন্টারনেটে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে তারেক রহমানের মুখে “মেট্রোরেল বন্ধ করে ডিজিটাল লোকাল বাস চালু করা” সংক্রান্ত কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। দেশের মূলধারার কোনো গণমাধ্যম কিংবা বিএনপির দলীয় কোনো সূত্রেও এমন কোনো প্রতিশ্রুতির তথ্য নেই।
তবে তারেক রহমান গত ২০ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে অনুষ্ঠিত বনানী সোসাইটির দোয়া ও মতবিনিময় সভায় ঢাকার যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। মূলধারার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী তারেক রহমান বলেছেন, “মেট্রোরেলে অনেক খরচ, তার জায়গায় মনোরেল ব্যবস্থা চালু করা যায়।” তিনি আরও বলেন, “বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব।”
এমন একটি প্রতিবেদন দেখুন এখানে
অর্থাৎ, তারেক রহমান মেট্রোরেল বন্ধ করার কোনো ঘোষণা দেননি; বরং তিনি মেট্রোরেলের সুবিধা বাড়াতে এর সাথে সংযোগকারী বাহন হিসেবে ‘মনোরেল’ যুক্ত করার পরিকল্পনা জানিয়েছেন।