নির্বাচনের পরে রমজান উপলক্ষে প্রত্যেক পরিবারকে ইফতার বাবদ ১০ হাজার টাকা করে দেয়া হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এমন বক্তব্য দিচ্ছেন এধরনের একটি ভিডিও ফেসবুকে ছড়ানো হচ্ছে।
এধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি। একটি আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় তোলা জায়মা রহমানের ছবি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামে পরিচালিত একটি ফেসবুক পেইজ থেকে এধরনের বেশকিছু পোস্ট করা হয়েছে। এতে দেখা যায় জায়মা রহমান বলছেন, “আচ্ছা কেমন হয় বলুন তো, নির্বাচনের পর রমজান মাস উপলক্ষে সবাইকে যদি ১০ হাজার টাকা দেই? আমরা এমনই একটা সিদ্ধান্ত নিয়েছি, আব্বু (তারেক রহমান) বলেছেন, প্রত্যেক ফ্যামিলিকে ইফতার বাবদ ১০ হাজার টাকা করে দেবেন। টাকাটা নিতে হলে আপনাকে আপনার নাম, বাবার নাম, গ্রামের নাম, থানা, জেলার নাম কমেন্টে লিখতে হবে। আমাদের প্রতিনিধি দল গিয়ে আপনাকে টাকা দিয়ে আসবে। আর অবশ্যই আমার পেইজটি ফলো করতে হবে, না করলে কিন্তু পাবেন না।”
অন্যদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন, ১ লক্ষ ৪৫ হাজারের বেশি নেটিজেন। এতে ৯ হাজার প্রতিক্রিয়ার পাশাপাশি দুই হাজার ৩ শতধিক মন্তব্য পড়েছে।
ভিডিওটি বিশ্বাস করে মন্তব্যের ঘরে নাম, ঠিকানা, ফোন নাম্বার মন্তব্য করেছেন শত শত নেটিজেন। এছাড়াও পেইজটিতে তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান এবং মেয়ে জায়মা রহমানের নামে এধরনের ১৬ টি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ভিডিও গুলো ব্যপকভাবে ভিউ হতেও দেখা গেছে। যেমন; তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের হাজার টাকা করে দেয়া হবে জানিয়ে পোস্ট করা একটি ভিডিও ৭ লক্ষের কাছাকাছি নেটিজেন দেখেছেন।
ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য এটির কী-ফ্রেম রিভার্স সার্চ করে দেখা গেছে, গত ১৮ জানুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য দেয়ার সময় তোলা জায়মা রহমানের ছবিটি নেয়া হয়েছে।
অনুষ্ঠানটিতে জায়মা রহমানের ছবি দেখুন এখানে
‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শিরোনামে নীতি আলোচনা সভাটির আয়োজন করে ঢাকা ফোরাম নামে একটি সংগঠন।
এছাড়া, এআই কন্টেন্ট শনাক্তকারী টুলস SynthID-তে ভিডিওটি আপলোড করে জানা গেছে, ভিডিওটি গুগল এআই (Google Al) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে। ২৩ সেকেন্ডের ভিডিওটির ভিজ্যুয়াল অংশে (০.০০ সেকেন্ড থেকে ০.২০ সেকেন্ড) পর্যন্ত সিনথআইডি (SynthID) এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যা নির্দেশ করে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং টুলসটিতে ভিডিওটিকে ডিপফেক হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, ভিডিওটির কন্ঠস্বর এবং ঠোঁটের নড়াচড়া (Lip-syncing) কিছুটা অস্বাভাবিক দেখা যায়, যা এআই দ্বারা তৈরি ভিডিও বা ডিপফেক-এর একটি সাধারণ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এতে।
সুতরাং নির্বাচনের পরে রমজান উপলক্ষে প্রত্যেক পরিবারকে ইফতার বাবদ ১০ হাজার টাকা করে দেয়া হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান নামে ফেসবুকে ছড়ানো ভিডিওটি ভুয়া এবং এআই দিয়ে তৈরি।