“বাবা রাষ্ট্রপতি ও সেনাপ্রধান , মা প্রধানমন্ত্রী, তবুও ছেলে কেন HSC পাশ? কিসের অভাব ছিল তার? অর্থ, ক্ষমতা না কি সদিচ্ছার?” বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে দলটির ভাইস-চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে।
এধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, বাংলাদেশের বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেল ২৪ এর সংবাদ ফটোকার্ডের আদলে তৈরি করা একটি ছবি বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। ছবিটির উপরের দিকে বিএনপির ভাইস-চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের ছবি দিয়ে নীচে ক্যাপশন দেয়া হয়েছে, “বাবা রাষ্ট্রপতি ও সেনাপ্রধান , মা প্রধানমন্ত্রী, তবুও ছেলে কেন HSC পাশ? কিসের অভাব ছিল তার? অর্থ, ক্ষমতা না কি সদিচ্ছার?” এর নীচের অংশে বামপাশে তারিখ হিসেবে লেখা হয়েছে, ২১ জানুয়ারি, ২০২৬ এবং ডানপাশে চ্যানেল২৪ এর ওয়েবসাইটের ঠিকানা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, আল-জাজিরা সমর্থক গোষ্ঠী বাংলাদেশ নামে পরিচালিত একটি গ্রুপে ছবিটি একাধিক বার পোস্ট করা হয়েছে। সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ১৮০ টি প্রতিক্রিয়ার পাশাপাশি ৪৭ বার শেয়ার করা হয়েছে। সেখানে দাবিটি বিশ্বাস করে মন্তব্য জানিয়েছেন নেটিজেনদের অনেকে। যেমন; আবু বকর সিদ্দীক সাইমুন নামে একজন মন্তব্য করেছেন, “বসে খাওয়ার অভ্যাস, আর মানুষের পকেটের টাকায় রাজনীতির অভ্যাস, এখন মানুষ বুঝতে পারছে।” মুহাম্মদ ইলিয়াস নামে একজন লিখেছেন, “যখন কোন দিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে পেরে উঠে না তখন আবার ব্যাক্তিগত জীবন নিয়ে চুলকানি। তুদের আবার রাজকার বল্লে সেটাও ব্যাক্তিগত বলে সুশীল সাজতে আছিস।” একই ছবিযুক্ত অন্য একটি পোস্টে শাহীন হোসাইন নামের একজন মন্তব্য করেছেন, “আসিফ এবং নাহিদ যখন উপদেষ্টা ছিল তখন পুলিশ সেনাবাহিনী স্যালুট করলে সবাই তখন বলতো এদের কেন স্যালুট করতে হবে স্যার কেন বলতে হবে,,, এখন ???”
তবে, সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে চ্যানেল ২৪ কিংবা অন্য কোনো সংবাদ বা যোগাযোগ মাধ্যমে হাফিজ উদ্দীন আহমেদের এধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে ফটোকার্ডে উল্লেখিত তারিখে (২১ জানুয়ারি, ২০২৬) জ্যাকব মিল্টন নামে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন এক্টিভিস্টের একটি ফেসবুক পোস্ট পাওয়া গেছে। সে পোস্টের ক্যাপশন এবং আলোচিত ফটোকার্ডটির দাবি হুবহু একই।
ফলে, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদের নামে ছড়ানো ফটোকার্ডের বক্তব্যটি ভুয়া। “বাবা রাষ্ট্রপতি ও সেনাপ্রধান , মা প্রধানমন্ত্রী, তবুও ছেলে কেন HSC পাশ? কিসের অভাব ছিল তার? অর্থ, ক্ষমতা না কি সদিচ্ছার?” এমন কোনো বক্তব্য তিনি দেননি। ভিন্ন একজনের ফেসবুক পোস্ট তার ছবির সাথে যুক্তকরে অপপ্রচার করা হচ্ছে দাবিটিতে।
