“যার জীবনে একটা ফ্যামিলি কার্ড থাকবে তার আর কোনো কিছুর প্রয়োজন হবেনা। তার পুরো পরিবারের আর কাউকে কাজ করতে হবে না।” ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক
আবিদুল ইসলাম খান (আবিদ) এমন কথা বলেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
এসম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ফেসবুকে ডেইলি ডাকসু নামে একটি পেইজ থেকে সর্বপ্রথম পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে তারিখ হিসেবে লেখা হয়েছে,২০ জানুয়ারি,২০২৬।
ছবিটির উপরের দিকে দাবিটি বড়ো করে লেখা আর নীচের দিকে আবিদুল ইসলাম খান আবিদের ছবি ব্যবহার করা হয়েছে। ফটোকার্ডে ২০ জানুয়ারির কথা উল্লেখ করা হলেও এটি পোস্ট করা হয় ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে। উল্লেখিত পেইজটি থেকে অন্যান্য একাউন্ট এবং গ্রুপেও ছড়িয়ে পড়েছে ফটোকার্ডটি।
সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডেইলি ডাকসু নামে পেইজটিতে ২৩ ঘন্টায় ৩৪ হাজারের বেশি প্রতিক্রিয়া, তিন হাজার ৬ শতাধিক প্রতিক্রিয়া এবং সাড়ে ৬ শতাধিক বার শেয়ার করা হয়েছে। সেখানে দাবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকেই। যেমন: মাহফুজুর রহমান নামে একজন লিখেছেন, “দলের সবাই নিলেই তো হয়, আর চাদা লাগবে না” নূর ইসলাম নামে অন্য একজন লিখেছেন, “বর্তমান সময়ে ৪০ হাজার টাকা বেতন পাইয়াও ঘরে ভাত থাকে না আর একটা ফ্যামিলি কার্ড দিয়ে ভাত পাব আমরা মানুষ এখন বোকার স্বর্গে বাস করে না সবাই সচেতন।”
তবে এসম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমে এধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য কি-ওয়ার্ড দিয়ে সার্চ করেও এসম্পর্কিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সুতরাং, “যার জীবনে একটা ফ্যামিলি কার্ড থাকবে তার আর কোনো কিছুর প্রয়োজন হবেনা। তার পুরো পরিবারের আর কাউকে কাজ করতে হবে না।” এধরনেরর কোনো বক্তব্যন দেননি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান (আবিদ)। এই দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।