“জামায়াতকে ক্ষমতায় বসানোর জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে”—এমন মন্তব্য করেননি মির্জা ফখরুল

“জামায়াতকে ক্ষমতায় বসানোর জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এমন কথা বলেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। 

এধরনের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, আশার আলো নামে একটি ফেসবুক পেইজ থেকে ফটোকার্ডটি বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। ছবিটির উপরের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছবি ব্যবহার করে ক্যাপশন লেখা হয়েছে,“জামায়াতকে ক্ষমতায় বসানোর জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে”। ছবিটির নীচে ডান পাশে তারিখ হিসেবে লেখা ২৬ জানুয়ারি ২০২৬ এবং বাম পাশে আশার আলো ডটকম নামে একটা ওয়েব ঠিকানা দিয়ে জানানো হয়েছে বিস্তারিত কমেন্টে। তবে সার্চ করে এধরনের কোনো সংবাদমাধ্যম বা ওয়েবসাইট পাওয়া যায়নি। 

এসম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দাবিটির পক্ষে মির্জা ফকরুল ইসলামের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

তবে নির্বাচনি প্রচারণার সময় ফরহাদ মজহারের বরাতে ‘আমরিকার সাথে জামায়াতের সম্পর্ক’ নিয়ে তার মন্তব্য নিয়ে যুগান্তরের একটি সংবাদ পাওয়া গেছে। এসময় তিনি বলেন, পত্রিকায় খবর বেরিয়েছে দেশের বিশিষ্ট দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ‘জামায়াতের সঙ্গে আমেরিকার একটি গোপন আঁতাত হয়েছে। এ আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়। এটা বাংলাদেশের ক্ষতি করবে। তিনি আরও বলেন, যখন ফিলিস্তিনে মানুষ হত্যা করা হচ্ছে, তখন এ ধরনের গোপন আঁতাত বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা ব্যাখ্যা চাই-খবরটি কতটুকু সত্য এবং এটার ব্যাখ্যা কী। নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ও সুখানপুকুরি এলাকায় গণসংযোগকালে এমন মন্তব্য করেন তিনি । 

ফলে, মির্জা ফকরুল ইসলাম প্রকৃতপক্ষে যে বক্তব্য দিয়েছেন এবং আশার আলো নামে ফেসবুক পেইজ থেকে যে দাবিটি ছড়ানো হয়েছে দুটো বক্তব্য ভিন্ন। সেখানে তিনি ফরহাদ মজহার সূত্র উল্লেখ করে বলেছেন, ”জামায়াতের সঙ্গে আমেরিকার একটি গোপন আঁতাত হয়েছে। এ আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়। এটা বাংলাদেশের ক্ষতি করবে।” তবে সেখানে“জামায়াতকে ক্ষমতায় বসানোর জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে” এমন কোনো মন্তব্য করেননি। 

সুতরাং “জামায়াতকে ক্ষমতায় বসানোর জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে” বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এমন কথা বলেছেন দাবি করে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। এমন কোনো বক্তব্য দেননি মির্জা ফকরুল। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট