ঢাকায় মেট্রোরেল বন্ধ করে বাস উন্নত করার কথা বলেননি ইশরাক

“ঢাকায় মেট্রোরেল উপযুক্ত নয়, আমরা মেট্রোরেল বন্ধ করে বাস উন্নত করবো।” ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ইশরাক হোসেন এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। 

এসম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, জন পালস নামে একটি ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও ফটোকার্ড সর্বপ্রথম পোস্ট করা হয় গত ২৪ জানুুয়ারি। এতে  “মেট্রোরেল ঢাকার জন্য উপযুক্ত নয়, আমরা মেট্রো বন্ধ করে বাস উন্নত করবো – বিএনপি নেতা ইশরাক” এমন ক্যাপশন দিয়ে ৩০ সেকেন্ডের  একটি ভিডিও পোস্ট করা হয়। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি সাড়ে ৯ লক্ষের বারের কাছাকাছি ভিউ এবং ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়তে দেখা গেছে। তবে ক্যাপশনে এবং ফটোকার্ডের উপরে “মেট্রোরেল বন্ধ করে” বাস উন্নতি করার কথা লেখা থাকলেও বক্তব্যে তাকে মেট্রোরেলের উপযোগীতা নিয়ে কথা বলতেই দেখা গেছে, বন্ধ করার ঘোষণা দিতে দেখা ‍যায়নি। 

এদিকে, পোস্টটিতে সাত হাজারের কাছাকাছি মন্তব্য করেছেন নেটিজেনরা, যাদের বেশিরভাগকেই দাবিটি বিশ্বাস করতে দেখা গেছে। যেমন: আনান ইসলাম নামে একজন লিখেছেন, “মেট্রোতে চাঁদাবাজি করা যায় না, এই জন্য মেট্রো রেল বন্ধ করে বাস উন্নয়ন করবেন?” মাসুদ করিম নামে আরেক নেটিজেন মন্তব্য করেছেন, “ইনকেস যদি তাদের আমল থাকতো, বাংলাদেশে মেট্রোরেল দূরের কথা, মেট্রোরেলের নামটাই শুনতে পাইত’না। এখানে আওয়ামী লীগ একটা কঠিন ভুল করে গেছে, বাসের মাধ্যমে যে চাঁদাবাজি’টা হয় তা- মেট্রোরেলের মাধ্যমে শতকরা ৮০% কম হয়! যদি আপনারা ক্ষমতায় আনেন, বিএনপিকে মেট্রোরেল বাঙারি হিসেবে বিক্রি করে দিবে এই বিএনপি!”

তবে এসম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে, “ঢাকায় মেট্রোরেল উপযোগী নয়, মনোরেল করতে হবে: ইশরাক হোসেন” শিরোনামে একটি দৈনিক সমকালের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। এসময় এক নির্বাচনী সভায় ইশরাক বলেন, বাসের রেসেনাইলেজশন বা গণপরিহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে আসলে মেট্রোরেল দিয়ে যানজট দীর্ঘমেয়াদে নিরসন করা সম্ভব নয়। আগামী দিনে আমরা ঢাকা দক্ষিণের অঞ্চলগুলোর জন্য মনোরেল বা ভূগর্ভস্থ রেল নির্মাণের জন্য জনগনকে সাথে নিয়ে দাবি তোলবো এবং বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।”

এসময় তিনি আরও বলেন, “কয়েকদিন আগে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন , বনানীর উপর দিয়ে মনোরেল করলে সেটা আরও যুক্তিসংগত হয়, আসলেই তাই, ঢাকা শহরের জন্য মনোরেলটাই পারফেক্ট, মেট্রোরেল উপযোগী নয়।” 

সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে 

সুতরাং, “ঢাকায় মেট্রোরেল উপযুক্ত নয়, আমরা মেট্রোরেল বন্ধ করে বাস উন্নত করবো।” বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ইশরাক হোসেন এমন বক্তব্য দিয়েছেন দাবি করে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। ইশরাক হোসেন সেখানে মেট্র্রোরেল বন্ধ করার কথা বলেননি। 

Facebook
LinkedIn
Twitter
Pinterest

সম্পর্কিত পোস্ট