সম্প্রতি, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে ‘জামায়াত ক্ষমতায় আসলে নারী পুরুষের সমান অধিকার ও সমকামীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে’ শিরোনামে আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ডা. শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে আমার দেশও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম আমার দেশের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘০২ফেব্রুয়ারি , ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ০২ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ০২ ফেব্রুয়ারিতে ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে ‘জামায়াত নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত সকল উপাদানের মিল রয়েছে।
মূলত আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, “জামায়াত ক্ষমতায় আসলে নারী পুরুষের সমান অধিকার ও সমকামীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে” শিরোনামে জামায়াতের আমিরকে নিয়ে আমার দেশ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
