সম্প্রতি, ‘তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় মঞ্চের পাশ থেকে হঠাৎ এক নেতা বলে উঠল খাম্বা তারেক জিন্দাবাদ, চাঁদাবাজ জিন্দাবাদ।’ শিরোনামে জাতীয় দৈনিক ‘সমকাল’ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ‘তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় মঞ্চের পাশ থেকে হঠাৎ এক নেতা বলে উঠল খাম্বা তারেক জিন্দাবাদ, চাঁদাবাজ জিন্দাবাদ।’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি
আলোচিত ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম সমকালের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২২ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে সমকালের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও সমকালের ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২২ জানুয়ারি সমকালের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। সমকালের প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত কার্ডের ডিজাইন এবং ফন্টের ভিন্নতা রয়েছে।
মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনে জানা যায়, গত ২২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম জনসভায় বিএনপির চেয়ারম্যান হিসেবে বক্তৃতা দেন তারেক রহমান। প্রায় দুই দশক পর বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে লক্ষাধিক নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, “আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। ১২ তারিখ ধানের শীষে ভোটের মাধ্যমে সেই যাত্রা শুরু হবে।”
এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, ‘তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় মঞ্চের পাশ থেকে হঠাৎ এক নেতা বলে উঠল খাম্বা তারেক জিন্দাবাদ, চাঁদাবাজ জিন্দাবাদ।’ শীর্ষক বাক্য সংবলিত সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
