সম্প্রতি, “টাকা খেয়ে দাড়িপাল্লাতে ভোট না দেওয়ায় নারীর উপর শিবির নেতার হামলার দৃশ্য” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে এক পুরুষকে একটি চেয়ার দ্বারা একজন নারীর ওপর আক্রমণ করতে দেখা যায়।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ভোটদান না করার কারণে এক নারীর ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীর হামলার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশনরত নারীর ওপর ছেলের বড় ভাইয়ের হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘Abbas blog 02’ নামক ফেসবুক পেজে গত ১৬
ফেব্রুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশন থেকে জানা যায়, বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে গেলে তার বড় ভাই ওই নারীকে মারধর করে। ভিডিওটি সেই ঘটনারই দৃশ্য।
একই ফেসবুক পেজে গত ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে পেজটির পরিচালনাকারী ব্যক্তিকে ওই ভুক্তভোগী নারীর বক্তব্য নিতে দেখা যায়।
ভিডিওটি থেকে জানা যায়, ঘটনাটি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে দফাদার বাড়িতে ঘটেছে৷ সেখানে আমেনা আক্তার নামক এক নারী নকিব নামের এক পুরুষকে বিয়ের দাবিতে নকিবের বাড়িতে অনশন অবস্থান নেয়। আমেনা ও নকিবের মধ্যে প্রেমের সম্পর্কের সূত্রে আমেনা বিয়ের দাবিতে সেখানে এলে নকিবের বড় ভাই তার ওপর হামলা করে। আমেনা আক্তারের বক্তব্যে জামায়াতের পক্ষে ভোট না দেওয়ার কারণে বা তার ওপর শিবিরের কোনো কর্মীর হামলার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, “টাকা খেয়ে দাড়িপাল্লাতে ভোট না দেওয়ায় নারীর উপর শিবির নেতার হামলার দৃশ্য” শিরোনামে প্রচারিত ভিডিওটি মিথ্যা।
