সম্প্রতি, “২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিল জামায়াত নেতা” শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, বিএনপি নেতার চাঁদার দাবিতে মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে বার্তা বাজার, রাইজিংবিডি এবং প্রজন্ম নিউজে “দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা” ইরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনগুলো থেকে জানা যায়, “বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদ্রাসা ভবনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী।
ভবনের নির্মাণকাজ শুরুর পর থেকে বিভিন্ন সময় নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন লোক কাজে বাধা দেয়। তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মো. হাফিজুর রহমান ও তার লোকজন ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়েছে। এ সময় তারা শ্রমিকদের গালাগাল করে হুমকি প্রদান করেছে।
ঠিকাদার এস এম বদিউজ্জামান বলেন, দরপত্রের সকল নিয়ম মেনে কাজ করা হচ্ছে। বিএনপি নেতা মো. হাফিজুর রহমান ও তার লোকজন চাঁদা চেয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের লোকজনকে হুমকি-ধমকি দিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”
আলোচিত ফটোকার্ডটি লক্ষ্য করলে দেখা যায় নিচে DesherTV লেখা রয়েছে কিন্তু বাংলাদেশে এই নামে স্বীকৃত কোনো গণমাধ্যম নেই। সুতরাং আলোচিত ফটোকার্ডটি ভুয়া।
অর্থাৎ, চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিল জামায়াত নেতা বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
