অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকাল এর ফেসবুক পেজে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “ইরা/নের রকেট হা/মলা/র আ/তঙ্কে ইসরা/য়েলিরা।” ভিডিওতে সাইরেনের শব্দ শোনা যায় এবং কয়েকজন ব্যক্তিকে কানে হাত দিয়ে আতঙ্কিত অবস্থায় মাটিতে বসে থাকতে ও শুয়ে পড়তে দেখা যায়।
দেহুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ইয়েমেনের এক কৌতুকাভিনেতার নির্মিত একটি কমেডি চলচ্চিত্রের অংশ।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘مصطفى المومري’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৬ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ২ মিনিট ৩৩ সেকেন্ড থেকে ৩ মিনিট ০১ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
চলচ্চিত্রটিতে সাইরেনের শব্দ বেজে ওঠার পর বিভিন্ন স্থান থেকে মানুষজন একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়। সেখানে তারা আতঙ্কিত হওয়ার অভিনয় করে এবং কানে হাত দিয়ে বসে পড়া কিংবা মাটিতে শুয়ে পড়ার ভঙ্গি করতে দেখা যায়।
প্রকাশক মুস্তাফা আল-মুমারির বিষয়ে যাচাইয়ে জানা যায়, তিনি ইয়েমেনের বাসিন্দা এবং একজন কৌতুকাভিনেতা।
সুতরাং, আলোচিত ভিডিওটি বাস্তব কোনো রকেট হামলার ঘটনা নয়; এটি অভিনীত একটি দৃশ্য।
