সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের তেল আবিব।”
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের শিল্পাঞ্চলীয় উম্মে রামুল এলাকায় একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Newsflare এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি দুবাইয়ের উম্মে রামুল এলাকায় গুদামে আগুন লাগার ঘটনার দৃশ্য।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সংবাদমাধ্যম Khaleej Times এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, দুবাই এর উম্ম রামুল এলাকায় গত ২৪ নভেম্বর একাধিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার ৪০ মিনিটেরও কম সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রকৃতপক্ষে প্রচারিত ভিডিওটি ইরান কর্তৃক ইসরায়েলের তেল আবিবে হামলার দৃশ্য নয়, এমনকি এটি সাম্প্রতিক সময়েরও নয়।
অর্থাৎ, তেল আবিবে ইরানের হামলা দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা।
