সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে, “এই জুলুমের শেষ কোথায় মৌলভীবাজার সদর চাঁদনীঘাট ব্রীজ সংলগ্ন রহমানিয়া পেইন্ট হাউজের মালিকের উপর দিনেদুপুরে প্রকাশ্য হামলা চালিয়েছে। সন্ত্রাসী এমপি নাসের রহমানের পালিত গুন্ডা যুবদল নেতা সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা।”
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ভারতের রাজস্থান রাজ্যের সিরোহি জেলার পিন্ডওয়ারা এলাকার একটি সিসিটিভি ফুটেজ।
আলোচিত ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে nmnews এর ওয়েবসাইটে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। যেখান থেকে জানা যায়, “রাজস্থানের সিরোহির পিন্ডওয়ারার মঙ্গল কালাশ মোড়ের কাছে একটি বেসরকারি ক্লিনিকের একজন ডাক্তার দোকানে ঢুকে দোকানদার সুরেশ কুমার সুথারকে লাঠি দিয়ে আক্রমণ করে মারাত্মকভাবে আহত করেন। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আবু রোডে রেফার করা হয়। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে এবং পুলিশ তদন্ত করছে।
ভিডিওটি NOTIACONTECER এ ভিডিওটি পাওইয়া যায় যেখান থেকে জানা যায়, জমি এবং টাকা সংক্রান্ত বিরোধের জেরে জনৈক সুরেশ কুমার সুথার নামক এক হার্ডওয়্যার দোকানদারের ওপর স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকের ডাক্তার ও তার সহযোগীরা লাঠি নিয়ে হামলা চালিয়েছিল।
ভারতের বিভিন্ন মূলধারার সংবাদমাধ্যমে এই ঘটনার সিসিটিভি ফুটেজসহ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অর্থাৎ, রাজস্থানের একটি ব্যক্তিগত ও স্থানীয় বিরোধের ভিডিওকে মৌলভীবাজারের প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
