সম্প্রতি, সিলেটের টিলাগড় এলাকায় চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা একজন সিএনজি চালককে কুপিয়ে আহত করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টটিতে একজন সিএনজি চালককে রক্তাক্ত অবস্থায় সিএনজিতে বসে থাকতে দেখা যায়।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে Tultikor নামের একটি পেজে ২০২৫ সালের ২৫ আগস্ট ছবিটি প্রচারিত হতে দেখা যায়। পোস্টটির শিরোনামে উল্লেখ করা হয়, গতবছরের ২৪ আগস্ট সিলেটের সোনাপুর রাস্তার মোড় তথা কুশিঘাট পানি ট্যাংক এলাকায় ওই সিএনজি চালকের ওপর হামলা হয়। আহত সিএনজি চালকের নাম শওকত আহমেদ। তিনি টুলটিকর ইউনিয়নের ফুলবাগ গ্রামের বাসিন্দা।
শওকত আহমেদের ওপর হামলাকারীদের মধ্যে নাহিদ নামের এক ব্যক্তি উল্লেখযোগ্য বলে পোস্টটিতে দাবি করা হয়। পোস্টটিতে আহতের বরাতে বলা হয়, হামলার কয়েকদিন আগে তার সিএনজির ব্যাটারি চুরির অভিযোগে শরীফ নামের একজন ধরা পড়েন। আটক ওই ব্যক্তি তার সঙ্গী হিসেবে হামলাকারী নাহিদের নাম উল্লেখ করেন। সেসময় টুলটিকর পঞ্চায়েত কমিটি ও সন্ধি সমাজ কল্যাণ সমিতি নামের একটি এনজিওর সদস্যদের মাধ্যমে সালিসে বিষয়টি মিমাংসা হয়।
সেঘটনার প্রতিশোধ নিতে নাহিদ, তার স্ত্রীসহ বেশ কয়েকজন মিলে শওকতের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন বলে পোস্টটি থেকে জানা যায়।
পরবর্তীতে উক্ত ঘটনায় সিলেটের স্থানীয় গণমাধ্যম Sylhet Plus-এর ফেসবুক পেজে একই বছরের ২৪ আগস্ট প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকেও একই তথ্য পাওয়া যায়।
আলোচিত ছবিটির সাথে বিএনপি কিংবা চাঁদাবাজির কোনো ঘটনার সংশ্লিষ্টতা নেই।
অর্থাৎ, সিলেটে চাঁদা না দেওয়ায় সিএনজি চালককে বিএনপির কুপিয়ে আহতের দাবিটি মিথ্যা।
