সম্প্রতি, “বিএনপির নেতাকে কু”পি”য়ে হ*ত্যা করলেন জামাত শিবিরের নেতাকর্মীরা চাপাইনবাবগঞ্জ” শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ভোলার চরফ্যাশন উপজেলায় রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোর স্বজনদের আহাজারির।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Mohammad Ayaan নামের একটি ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যার ক্যাপশনে উল্লেখ রয়েছে, “ভোলা জেলার চরফ্যাসন উপজেলাধীন শশীভূষন থানার অন্তর্গত রসুলপুর ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ভূট্টু দালাল কে কূপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ লোমহর্ষক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে বাংলা ভিশনে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ এ “এবার যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, “ভোলার চরফ্যাশন উপজেলায় রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিম ভুট্টোকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুর রহিম ভুট্টোর মৃত্যু হয়।
এ বিষয়ে শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”
উক্ত ঘটনার সাথেও জামায়াত শিবিরের কোন যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, “বিএনপির নেতাকে কু”পি”য়ে হ*ত্যা করলেন জামাত শিবিরের নেতাকর্মীরা চাপাইনবাবগঞ্জ” শিরোনামে প্রচারিত ভিডিওটি মিথ্যা।
