সম্প্রতি, “জামাত শিবিরের নির্বাচনীয় প্রস্তুতি প্রকাশে লাঠি সোটা গোপনে আরো অনেক কিছু থাকতে পারে” ক্যাপশনে লাঠিসোঁটা/স্ট্যাম্প বহনের একটি ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে গতবছরের নভেম্বরে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবস্থান নেওয়ার দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ‘উত্তরবঙ্গ নিউজ’ নামের একটি ফেসবুক পেজে গত বছরের ১৪ নভেম্বরে ‘শত শত লাঠি সোটা নিয়ে শিবিরের কর্মীরা আওয়ামী লীগের অফিসের সামনে’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার সংবাদমাধ্যম ‘দ্যা ডেইলি স্টার’ এর ওয়েবসাইটে গত বছরের ১৩ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারের নিচে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নিয়েছেন।
সুতরাং, সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের লাঠিসোঁটা নিয়ে নির্বাচনী প্রস্তুতি দাবিতে গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিবিরের অবস্থানের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
