সম্প্রতি “বিএনপি’র কেবলমাত্র শুরু আরো অনেক দেখবেন” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে লেখা রয়েছে, “এগুলো বিএনপির আমলনামা”। যেখানে দেখা যায় কয়েকটি দোকানে আগুন জ্বলছে।
দেখুন এখানে
ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি পঞ্চগড়ের দেবীগঞ্জ বৈদ্যুতিক দুর্ঘটনায় দোকানে অগ্নিকাণ্ডের।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে Md Ashraful Islam নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ জানুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। মন্তব্যের ঘর থেকে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনাটি গত ১৮ জানুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার পশ্চিম ব্রিজপাড় বাজার এলাকায় ঘটে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে প্রকাশ প্রতিদিন এ “দেবীগঞ্জে মুদি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিকাণ্ড, দুই দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, “পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডের পশ্চিম ব্রিজপাড় বাজার এলাকায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপাতা পারঘাট এলাকার মো. কুদ্দুসের ছেলে রুস্তম (৩৪)-এর মুদি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকান দিনেশ বানিয়ার ছেলে সুভল (৩৬)-এর ফার্মেসিতে।
অগ্নিকাণ্ডে দুটি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়রাও ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহযোগিতা করেন।এ ঘটনায় দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
অর্থাৎ, বিএনপি কর্তৃক সংঘটিত অগ্নিসংযোগের ঘটনা দাবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
